হাইব্রিড টেকনোলজি সাধারণত দুটি ভিন্ন টেকনোলজির সংমিশ্রনকে বোঝায়। এই হাইব্রিড টেকনোলজি গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান অনেক আগে থেকেই ব্যবহার করে আসছে। তবে Yamaha FZ-S Fi Hybrid কি প্রচলিত হাইব্রিড টেকনোলজি ব্যবহার করেছে? আসুন এব্যাপারে বিস্তারিত জেনে আসি।
জনপ্রিয় হাইব্রিড গাড়ি Toyota Prius বা Aqua-র মত হাইব্রিড টেকনোলজি কি Yamaha FZ-S Fi Hybrid-এ ব্যবহার করা হয়েছে ?
না। প্রচলিত হাইব্রিড গাড়ির টেকনোলজি Yamaha FZ-S Fi Hybrid মোটরসাইকেলে ব্যবহার করা হয়নি।
হাইব্রিড গাড়িতে মূলত জ্বালানি চালিত ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন (ICE) থাকে এবং বৈদ্যুতিক মটর থাকে, যা গাড়িতে বিদ্যমান ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে ইঞ্জিন এবং মটরের সমন্বয়ে গাড়ির চাকা ঘুরাতে সাহায্য করে। কিন্তু Yamaha FZ-S Fi Hybrid মোটরসাইকেলটিতে এমন কোনো নির্দিষ্ট মটর নেই যা সরাসরি ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে মোটরসাইকেলের চাকা ঘুরাবে। সুতরাং Yamaha FZ-S Fi Hybrid প্রকৃতপক্ষে Hybrid Car Toyota Prius বা Aqua এর মতো হাইব্রিড টেকনোলজি সমৃদ্ধ নয়।
তাহলে প্রশ্ন আসতে পারে যে, Yamaha কেন এই FZ-S Fi Hybrid কে হাইব্রিড মোটরসাইকেল বলছে?
Yamaha তাদের এই FZ-S Fi Hybrid মোটরসাইকেলটিতে গতানুগতিক সেলফ স্টার্টার মটরের পরিবর্তে সরাসরি ইঞ্জিনের মধ্যে একটা ইলেক্ট্রিক মটর স্থাপন করেছে। এই প্রযুক্তিকে তারা স্মার্ট মটর জেনারেটর (SMG) নামে আখ্যায়িত করেছে যা সাইলেন্ট স্টার্ট এবং অটোমেটিক স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম হিসেবে কাজ করে থাকে। মূলত, Yamaha তাদের মোটরসাইকেলকে পুরোপুরি হাইব্রিড না করে স্মার্ট মটর জেনারেটরের মাধ্যমে কিছুটা ফুয়েল সেইভ করতে সক্ষম হয়েছে।
কিন্তু, FZ-S Fi Hybrid কতটুকু জ্বালানি সাশ্রয় করতে সক্ষম?
FZ-S Fi Hybrid-কে যদি এর আগের ভার্সন অর্থাৎ FZ-S Fi V4 এর সাথে তুলনা করা হয়, তাহলে বিষয়টি বুঝতে আরো সহজ হবে। এই দুই মডেলের মোটরসাইকেল ব্যবহারকারীদের থেকে পাওয়া মৌখিক তথ্যমতে FZ-S Fi V4 মোটরসাইকেলটিতে প্রায় ৪২ থেকে ৪৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যায়, যেখানে FZ-S Fi Hybrid মোটরসাইকেলটি প্রতি লিটার জ্বালানিতে প্রায় ৪৫-৪৭ কিলোমিটার। অর্থাৎ, FZ-S Fi Hybrid মোটরসাইকেলটি FZ-S Fi V4 এর তুলনায় ২ কিলোমিটারের কম বা বেশি মাইলেজ পাওয়া যাবে।
আসুন দেখি, FZ-S Fi Hybrid এক (০১) বছরে আনুমানিক আপনার কত টাকার ফুয়েল খরচ বাঁচাবে?
ধরি, একজন FZ-S Fi V4 ব্যাবহারকারি বছরে ১৫,০০০ কিঃমিঃ মোটরসাইকেল চালিয়ে থাকেন। FZ-S Fi V4 এর গড় মাইলেজ ৪৫ কিঃমিঃ/লিটার এবং জ্বালানি তেলের দাম ১২৫ টাকা। তাহলে ওই ব্যাবহারকারির এক বছরে জ্বালানি তেল বাবদ খরচ হবে (১৫,০০০/৪৫) x ১২৫ = ৪১,৬৬৭ টাকা।
আবার যদি ওই একই ব্যক্তি FZ-S Fi Hybrid ব্যাবহার করে বছরে ১৫,০০০ কিঃমিঃ রাইড করে থাকেন এবং মোটরসাইকেলটি গড়ে ৪৭ কিঃমিঃ/লিটার মাইলেজ প্রদেন করে থাকে, জ্বালানি তেলের দাম ১২৫ টাকা হলে ওই ব্যাবহারকারির এক বছরে জ্বালানি তেল বাবদ খরচ হবে (১৫,০০০/৪৭) x ১২৫ = ৩৯,৮৯৪ টাকা।
এই ক্ষেত্রে, FZ-S Fi V4 এর তুলনায় FZ-S Fi Hybrid মোটরসাইকেলটি বছরে প্রায় আনুমানিক ১,৭৭৩ টাকা সাশ্রয় হতে পারে।
বিশেষ দ্রষ্টব্যঃ কিছু ব্যবহারকারীর মৌখিক ফিডব্যাক অনুযায়ী উক্ত মাইলেজ উপাত্ত উল্লেখ করা হয়েছে। রাইডিং স্টাইল, মেইনটেন্যান্স, রোড কনডিশন এবং ফুয়েলের মানের উপর মাইলেজ কমতে বা বাড়তে পারে। আর এই রাইডের ক্যালকুলেশনটি অনুমান নির্ভর, তাই রিয়েল লাইফে তারতম্য হতে পারে। “বছরে কত টাকা জ্বালালি খরচ বাঁচবে” উক্ত পয়েন্টটি সম্পূর্ণ তথ্যভিত্তিক বিশ্লেষণ ও সাধারণ ধারণা প্রদানের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে।
Updated on: 23 January 2026 — পাঠকের সুবিধার্থে তথ্যের উপস্থাপন ও ডিসক্লেইমার আপডেট করা হয়েছে।
- FZ-S Fi Hybrid এর মেকানিজম কি প্রচলিত Hybrid Car এর মত? - জানুয়ারি ২২, ২০২৬
- হরমুজ প্রণালী বন্ধ হলে দেশে বাড়বে জ্বালানি তেলের দাম? - জুন ১৮, ২০২৫
- মোটরসাইকেলের দাম কি আরো বাড়বে? (বিস্তারিত জেনে নিন) - জানুয়ারি ২২, ২০২৫


