দেশিবাইকার ডেস্ক | জুন ২০২৫
ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তেজনার মধ্যেই ইঙ্গিত দিয়েছে ইরানের নৌবাহিনী – তারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। এই প্রণালী বন্ধ হয়ে গেলে কেবল মধ্যপ্রাচ্য নয়, বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশগুলোতেও তেল ও জ্বালানির দাম হঠাৎ করেই আকাশছোঁয়া হয়ে উঠতে পারে।
হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ?
ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে ২০ মিলিয়ন ব্যারেল বা ২ কোটি ব্যারেল তেল সারা বিশ্বে পরিবহন হয়। এটাই বিশ্বের এক-তৃতীয়াংশ তেল সরবরাহের পথ। যদি এই সমুদ্র পথ বন্ধ হয়ে যায়, তাহলে সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতারসহ বেশ কয়েকটি দেশের রপ্তানি ব্যাহত হবে। যার প্রভাব সরাসরি আন্তর্জাতিক বাজারে অয়েল প্রাইস হাইক হিসেবে দেখা যাবে।
বাংলাদেশে কী প্রভাব পড়বে?
বাংলাদেশ মূলত জ্বালানি তেলের ক্ষেত্রে আমদানি নির্ভর। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ৫-১০ ডলার বাড়লেও, স্থানীয় বাজারে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম যেন বরাবরই লাফিয়ে বাড়ে। আর এর প্রভাব পড়ে বাস-ট্রাক-সিএনজি ভাড়ায়, পণ্যের পরিবহন ব্যয়ে, বিদ্যুতের উৎপাদন খরচে, মোটরসাইকেলের ফুয়েল খরচে ইত্যাদি।
এক ধাক্কায় বাড়বে ফুয়েলের দাম?
যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে, তখন বাংলাদেশ সরকার ভর্তুকি বাড়িয়ে বা কমিয়ে দাম সমন্বয় করে। সেক্ষেত্রে খুব সংকটময় পরিস্থিতি না হলে, প্রতি লিটার পেট্রোল বা অকটেনের দাম বাংলাদেশে ১০-২০ টাকা পর্যন্ত বাড়তে পারে।
বাইকেরদের জন্য কি হতে পারে সমাধান?
-
ফুয়েল ইফিশিয়েন্ট বাইক বা কম জ্বালানি খরচ হয় এমন মোটরসাইকেল কেনা।
-
নগর জীবনের জন্য ইলেকট্রিক বাইক একটি বিকল্প হতে পারে, যদিও বাংলাদেশে এখনো এর জনপ্রিয়তা সীমিত।
-
সরকার চাইলে এ সময় বিকল্প শক্তি ব্যবস্থার উপর গুরুত্ব দিয়ে জ্বালানি নির্ভরতা কমাতে পারে।
দেশিবাইকারের পরামর্শ
বর্তমান পরিস্থিতিতে যারা নতুন মোটরসাইকেল কেনার চিন্তা করছেন, তাদের উচিত মাইলেজ ভালো এমন বাইক বেছে নেয়া অথবা ইলেকট্রিক স্কুটারে শিফট করা।
ইরান যদি হরমুজ প্রণালীতে নৌ চলাচল সীমিত করে বা পুরোপুরি বন্ধ করে দেয়, তাহলে শুধু বাংলাদেশ নয়—সারা বিশ্বের জ্বালানি বাজার কাঁপতে পারে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করেই সর্বস্তরের মানুষের সামনে আগানো উচিত।
- FZ-S Fi Hybrid এর মেকানিজম কি প্রচলিত Hybrid Car এর মত? - জানুয়ারি ২২, ২০২৬
- হরমুজ প্রণালী বন্ধ হলে দেশে বাড়বে জ্বালানি তেলের দাম? - জুন ১৮, ২০২৫
- মোটরসাইকেলের দাম কি আরো বাড়বে? (বিস্তারিত জেনে নিন) - জানুয়ারি ২২, ২০২৫


